ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) তত্ত্বাবধানে ভোলা নর্থ-৩ নামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। কূপটিতে গ্যাসের অস্তিত্ব পাওয়ার পর মজুত ও উত্তোলন সক্ষমতা নির্ধারণে রোববার সকালে প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করেন প্রকৌশলীরা। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছে বাপেক্স। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহ ও কূপের চাপ যাচাই করে উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ২২ অক্টোবর ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষ হয়। বাপেক্সের অধীনে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপটি খনন করেছে। শনিবার কূপটির পারফোরেশন সম্পন্ন হয়। ডিএসটি শুরুর আগে পরীক্ষার স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক ছিল। ডিএসটি শেষে গ্যাসের প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে পরীক্ষার চূড়ান্ত ফল জানানো হবে।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, ভোলা অঞ্চলে এবারই প্রথম চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপ খননের কাজ করেছে। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম ভোলা জেলায় সাতটি কূপ খনন করে। ভোলা নর্থ-৩ কূপ খননের সময় তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হবে।
প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন আরও বলেন, বর্তমানে ভোলার ৯টি কূপের উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া গেলে এ সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সেক্ষেত্রে ভোলার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্স। এরপর সেখানে প্রথম গ্যাসকূপে আগুন প্রজ্বলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ পর্যন্ত ভোলায় ৯টি কূপ খনন করা হয়েছে। ভোলা নর্থ-৩ নিয়ে খননকাজ সম্পন্ন হওয়া কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এ ছাড়া, আরও চারটি কূপ খননের জন্য চীনা কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব কূপের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ভোলার ৯টি কূপে মোট গ্যাসের মজুত প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
এদিকে নতুন গ্যাসকূপের সন্ধানে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করলেও জেলার গ্যাসের সুফল না পাওয়ার অভিযোগ রয়েছে। ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, বর্তমানে ভোলায় গ্যাসের মজুত প্রায় তিন ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সুযোগ থাকলেও ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। ফলে শিল্পনগরীর স্বপ্ন দেখছেন উপকূলবাসী।
আবাসিক গ্যাস সংযোগ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
আবাসিক গ্যাস সংযোগের পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস সাংবাদিকদের বলেন, নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া ইতিবাচক খবর। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য (০)
এখনও কোনও মন্তব্য করা হয়নি। আপনার মতামত জানাতে নিচের ফর্মটি পূরণ করুন।
মন্তব্য লিখুন